২৮ এপ্রিলের পর লকডাউন থাকবে না
মেডিভয়েস রিপোর্ট: আগামী ২৮ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, ‘আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব। এই কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে, এটাই স্বাভাবিক।’
তিনি বলেন, ‘গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে খুলবে।’
এদিকে স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আজ শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নির্দেশনা জারি করা হলো। আগামী রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহে কঠোর লকডাউন শুরু হয়। গত ১২ এপ্রিল জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
তবে পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গত ১৯ এপ্রিল এ কঠোর বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ায় সরকার। ঘোষণা অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া এ লকডাউন চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
সংক্রমণ রোধে এর আগে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।