শুভ নববর্ষ
বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪২৮
মেডিভয়েস রিপোর্ট: বসন্তের বিদায় শেষে আজ পহেলা বৈশাখ। চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বছর ১৪২৮। গতবছরের মতো এবারেও নতুন বর্ষ শুরু হচ্ছে কিছুটা মলিনভাবে। তবে সকলের মনে রয়েছে করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব পাওয়ার আকাঙ্ক্ষা। সকল বাঙালি আজ করোনা মহামারি থেকে যেন মুক্তি পায় সেই প্রত্যাশা নিয়েই নতুন বছরকে বরণ করে নেবে বড় কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই, নিজের ঘরে।
কেননা আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সাতদিনের সর্বাত্মক লকডাউন। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পহেলা বৈশাখের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এবারও। তাই কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেওয়া হবে।
এই পরিস্থিতিতে এবার নতুন বছরের দিনটি নিজেকে শুধরে নেবার দিন। এবারও ঐতিহ্যবাহী রমনার বটমূলে হচ্ছে না ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
যেখানে পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে ওঠে বাংলাদেশ। রাজধানী জুড়ে থাকার কথা মঙ্গল শোভাযাত্রা নিয়ে বর্ষবরণের আয়োজন। কিন্তু বাংলাদেশসহ সারাবিশ্বে এখন মহামারিকাল। পরিস্থিতি এমনই যে নতুন বছরে মানুষ প্রাণভরে প্রত্যাশা করছে- মৃত্যু থামুক।
বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশের সবাইকে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে নববর্ষের আনন্দ সবাইকে ঘরে বসেই উপভোগ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে করোনা প্রতিরোধে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সরকার প্রধান।