১৩ এপ্রিল, ২০২১ ১০:৪৫ এএম

লকডাউনে চালু থাকবে যে সব ব্যাংকিং সেবা

লকডাউনে চালু থাকবে যে সব ব্যাংকিং সেবা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন। এ সময় সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক চালু থাকবে এটিএম বুথ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল অনলাইন সেবা।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে পৃথক তিনটি সার্কুলার জারি করে এ তথ্য জানানো হয়েছে। বণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়, লকডাউন চলাকালে এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  

এক্ষেত্রে এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ এক লাখ টাকা তোলা যাবে যা সাধারণ অবস্থায় ৫০ হাজার টাকা ছিল। অর্থাৎ টাকার পরিমাণ দ্বিগুণ বাড়ানো হয়েছে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও দ্বিগুণ পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

অপর একটি সার্কুলারে বলা হয়, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সাধারণভাবে সব তফসিলি ব্যাংক ব্যাংক বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ শাখা ও বুথগুলো খোলা রাখার বিষয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব খাতে ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে স্ব স্ব ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে বৈদেশিক বাণিজ্য শাখা সীমিত সংখ্যক জনবল নিয়ে খোলা রাখতে পারবে। একই সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দ্বারা চালু রাখা যাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে বাণিজ্য মন্ত্রণালয় পক্ষ থেকে অনুরোধ করা হয়। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদেরকে জরুরি সেবা ও নির্দেশনা বাস্তবায়নে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক