আবেদনের সময় বাড়ছে ৪৩তম বিসিএসের
মেডিভয়েসের ডেস্ক: দ্বিতীয় বাড়ের মতো সময় বাড়ছে ৪৩তম বিসিএসের আবেদনের। বৈশ্বিক মাহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ায় সবার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রোববার (২৮ মার্চ) পিএসসির চেয়ারম্যানের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়াতে যাচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংস্থাটি বলছে, এখনও অনেক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়নি। তাই সবার কথা বিবেচনা করে ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে। তবে সময় কত দিন বাড়ছে, তা জানা যায়নি।
পিএসসি চেয়ারম্যানের বরাত দিয়ে বলা হয়, ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হবে। যেহেতু অনেক প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ করতে পারেনি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই সবার মতামত নিয়ে কত দিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ৪৩তম বিসিএস অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করে পিএসসি।
এ বিষয়ে একাধিকবার পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলেও কথা বলা যায়নি।
প্রসঙ্গত, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।