আদেশ পেতে বিলম্ব
সপ্তাহখানেক পর দায়িত্ব নেবেন বিএসএমএমইউর নতুন ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠনের কারণে আদেশ পেতে দেরি হওয়ায় আজ বুধবার (২৪ মার্চ) দায়িত্ব গ্রহণ করেননি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সপ্তাহখানেক পর আদেশ পেলে ১১তম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
আজ বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমি এখনও দায়িত্ব গ্রহণ করিনি। যেহেতু জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান চলমান রয়েছে, তাই সপ্তাহখানেকের মধ্যে হচ্ছে না। এখনও আদেশের কপি হাতে পাইনি। আদেশ পেতে হয়তো সপ্তাহখানেক দেরি হবে। এর পরই দায়িত্ব গ্রহণ করবো।’
এর আগে গত ১৫ মার্চ বিকেলে বিএসএমএমইউর নতুন ভিসি হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে মেডিভয়েসকে ইতিবাচক ইঙ্গিত দেন তিনি।অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘আমি আজকেই খবরটা পেয়েছি। আমার হাতে এখনো আদেশের কাগজ আসেনি।’
‘বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আমি এখানে কাজ করছি। মেডিকেল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে’ যোগ করেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ডা. শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার অবসর
এদিকে গতকাল ১০ম ভাইস চ্যান্সেলর হিসেবে অবসরে গেছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শেষ কর্মদিবসে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বেশ ব্যস্ততম সময় পার করেন তিনি। সদ্য অবসরে যাওয়া ভিসি ২০১৮ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের আদেশপ্রাপ্ত হয়ে তিন বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন ভিসি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠতম প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার দুপুর দুইটার দিকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তাঁর কাছে ভিসির দায়িত্বভার অর্পণ করেন।