ঢামেকে করোনা ইউনিটে আগুন, স্থানান্তরের পর তিন রোগীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুনের ঘটনায় রোগী স্থানান্তরের পর তিন রোগী মারা গেছেন। আজ বুধবার (১৭ মার্চ) সকাল আটটার দিকে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক মেডিভয়েসকে বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। দ্রুততম সময়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালের অন্যান্য আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এর সঙ্গে আগুনের ঘটনার কোনো সম্পর্ক নেই। কারণ তাদের কেউই দগ্ধ হননি।’
তিনি জানান, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে আইসিইউতে থাকা অনেক মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
মারা যাওয়া তিনজন রোগীর পরিচয় এখনো জানা যায়নি বলে জানা গেছে।