সেরামের আরও চার কোটি ডোজ টিকা কিনবে সরকার
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনার সংক্রমন রোধে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার আরও চার কোটি ডোজ টিকা কিনবে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার কোভ্যাক্স টিকার আরও চার কোটি ডোজ কিনতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগযোগ করেছে। স্বাস্থ্য সচিবকে উদ্ধৃত করে তারা বলছে, ‘আলোচনা চলছে, এখন দেখা যাক’।
বাংলাদেশ নতুন করে টিকা কেনার বিষয়ে সেরাম ইনস্টিটিউট কোনো মন্তব্য করেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা রয়টার্সকে জানিয়েছেন, নতুন করে টিকা কেনার কোনো আদেশ তাঁরা দেননি। এখন পর্যন্ত মোট তিন কোটি ডোজের অর্ডারই তারা দিয়েছে। সরকার চাইলে নতুন আদেশ দেওয়া হবে।
এর আগে মহামারী প্রতিরোধে তিন কোটি ডোজ ভ্যাকসিন আমদানী করতে সেরামের সাথে চুক্তি করে সরকার। এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ বাংলাদেশ হাতে পেয়েছে। পরবর্তীতে প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাবে বাংলাদেশ।
প্রসঙ্গত, সেরাম থেকে আমদানী করা ভ্যাকসিনে দেশে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে ৮০৭ জনের দেহে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।