দ্বিতীয় দিনে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বেড়েছে ১৫ হাজার
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন আরও ৪৬ হাজার ৫০৯ জন। যা প্রথম দিনের তুলনায় ১৫ হাজার ৩৪৯ জন বেশি। এদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন ও নারী ১০ হাজার ৬৬৬ জন।
এছাড়া টিকা নেয়ার জন্য ‘সুরক্ষা অ্যাপ’র মাধ্যমে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার পাঁচজন নিবন্ধন করেছেন।
আজ সোমববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে সোমবার মোট ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২০১ জন ও নারী ১ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে চারজন এইএফআই রিপোর্ট করেন।
ঢাকা মহানগরীর ৭ হাজার ১৭৮ জনসহ সারাদেশের সরকারি-বেসরকারি এক হাজার ৫টি হাসপাতাল ও ভ্যাকসিন সেন্টারে সকাল আটটা থেকে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত ৪৬ হাজর ৫০৯ জন ব্যক্তিকে টিকা দেওয়া হয়। এদের মধ্যে ৩৫ হাজার ৮৪৩ জন পুরুষ ও ১০ হাজার ৬৬৬ জন নারী রয়েছেন।
এতে আরও বলা হয়, গত দুদিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯২ জন। গতকাল ৭ ফেব্রুয়ারি ২১ জন ও আজ ৮ ফেব্রুয়ারি ৭১ জন এইএফআই রিপোর্ট করেন।
এ নিয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। টিকাগ্রহীতাদের মধ্যে ৫৯ হাজার ৭০০ জন পুরুষ ও ১৭ হাজার ৯৬৯ জন নারী রয়েছেন।