২২ নভেম্বর, ২০২০ ০৪:২৮ পিএম

স্বাস্থ্যের ইতিবাচক কাজগুলো গণমাধ্যমে প্রচার পায় না: অধ্যাপক মোদাচ্ছের

স্বাস্থ্যের ইতিবাচক কাজগুলো গণমাধ্যমে প্রচার পায় না: অধ্যাপক মোদাচ্ছের
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতের ইতিবাচক কাজগুলো গণমাধ্যমে প্রচার পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। 

আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড বিতরণ এবং হেলথ আউটকাম পরিমাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

অধ্যাপক মোদাচ্ছের আলী বলেন, ‘স্বাস্থ্য খাতে যে পরিমাণ ইতিবাচক কাজ হয়, অজ্ঞাত কারণে তা গণমাধ্যমে তা প্রচার পাচ্ছে না। যেমন: ভ্যাকসিন সম্পর্কে আমি ব্যক্তিগতভা যেটা জানি, মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এগিয়ে নিচ্ছেন, কোথাও কোনো শূন্যতা নাই। কিন্তু জনসাধারণে কাছে তা যথাযথভাবে পৌঁছায় না। আর্ম ফোর্সেসের সঙ্গে ওয়েবিনারে একটি আলোচনায় অংশ নিয়েছিলাম। আমার কাছ থেকে কিছু প্রশ্নোত্তর শুনে তারা অবাক হয়ে বললেন, আমরা তো এসব জানি না। তাই আমি অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা যে সফলভাবে কাজগুলো করেছেন, তা বারবার গণমাধ্যমকে অবহিত করতে হবে। প্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।’ 

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অনুমোদনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘এগুলো অনুমোদন নেওয়ার সময় সবাই আওয়ামী লীগার ছিল। কিন্তু যখন কোনো অসুবিধা হয়, তখন সবাই মধ্যমপন্থি হয়ে যায়। যেন প্রয়োজনে ডানেও যাওয়া যায়, কিংবা বামেও যাওয়া যায়। আমি জোর গলায় বলতে পারি, যা প্রচার হচ্ছে তা সঠিক না। শুধু মিডিয়ায় প্রচার না হওয়ায় ইতিবাচক কাজগুলোর ব্যাপারে মানুষ জানতে পারছেন না। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হচ্ছে। কিন্তু গণমাধ্যম তাদের বিভিন্ন ইন্টারেস্টে এসব প্রচারে আগ্রহী হচ্ছে না। অনেককে যখন জিজ্ঞাসা করি, আমাকে ডাকো না কেন, আমার কাছে তো এ ব্যাপারে যথেষ্ট তথ্য আছে। তারা বলেন, স্যার, আপনি তো পক্ষে বলবেন, দর্শক তা শুনতে চায় না।’ 

কমিউনিটি ক্লিনিকের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ব্যাপারে সবাই আমাদের প্রশংসা করছেন, সবাই ভালো বলছেন। তারা এতো ভালো বলেন, যতটা ভালো আমরা করতে পারিনি।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা সচিব মো. আব্দুল মান্নান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব তুলসী রঞ্জন সাহা, সিবিএইচসির লাইন ডাইরেক্টর  ডা. সহদেব চন্দ্র রাজবংশী, সিবিএইচসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত