১৯ নভেম্বর, ২০২০ ০৪:৪৭ পিএম

মানসিক রোগ বিশেষজ্ঞদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

মানসিক রোগ বিশেষজ্ঞদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
গত ৯ নভেম্বর মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন।

মেডিভয়েস রিপোর্ট: পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের বিষয়ে যৌক্তিক কোনও সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে মানসিক রোগ বিষয়ক চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।

বৃহস্পতিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী। 

তিনি বলেন, ডা. মামুনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞরা কর্মবিরতি পালন করেছে। এরপরও এ বিষয়ে কোনও যৌক্তিক সমাধান না হওয়ায় এবার সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞরা তাদের প্রাইভেট চেম্বার ও অনলাইন কনসালটেশন বন্ধ রাখবে।

ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের পূর্বে যে নিয়ম মানা দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেটি করেনি। পুরোপুরি নিয়ম বহির্ভূতভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

শুক্রবারের মধ্যে এর কোনও সুরাহা না হলে আগামী শনিবার থেকে আরও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। তিনি ৩১তম বিসিএসে পুলিশ প্রশাসনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। পরদিন ১০ নভেম্বর সকালে নিহত এএসপি আনিসুল করিমের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই দিন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ বলেন, মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম নিহতের ঘটনাটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এই হাসপাতালের স্বাস্থ্য অধিদফতরের কোনও অনুমোদন নেই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কোনও অনুমোদন নেই, চিকিৎসক নেই।

  ঘটনা প্রবাহ : মাইন্ড এইড হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক