মিরপুরে শিশু হাসপাতালে আগুন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুরে ডা. এম আর খান শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা কাজ শুরু করার আধা ঘণ্টার মধ্যে আগুনের তীব্রতা কমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি, তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, এই হাসপাতালে পাশাপাশি দুটি বহুতল ভবনের মাঝের জায়গায় দোতলা পর্যন্ত উঠিয়ে উপরে টিনশেড দেওয়া হয়েছে। সেখানে শিশুদের বিভিন্ন খেলনা রেখে ‘প্লে গ্রাউন্ড’ করা হয়েছে। ওই জায়গায় আগুন লেগেছে।
হাসপাতাল সূত্রে জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়েছে। আগুনে কেউ দগ্ধ হয়নি। আগুন লাগার পর দুটি হাসপাতাল ভবন থেকেই রোগীদের নিয়ে নিচে নেমে আসেন আতঙ্কিত স্বজনরা। হুড়োহুড়ি নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।