১৬ অক্টোবর, ২০২০ ১০:১২ এএম

ওষুধ শিল্পে সিপিএইচআই ফার্মা অ্যাওয়ার্ড পেলো বেক্সিমকো

ওষুধ শিল্পে সিপিএইচআই ফার্মা অ্যাওয়ার্ড পেলো বেক্সিমকো

মেডিভয়েস রিপোর্ট: ওষুধ শিল্পে বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ সিপিএইচআই ফার্মা অ্যাওয়ার্ড-২০২০ জিতেছে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

গত মঙ্গলবার ১৩ই অক্টোবর ‘ইনোভেশন ইন রেসপন্স টু কোভিড-১৯’ ক্যাটাগরিতে বেক্সিমকো ফার্মাকে এই পুরস্কার দেওয়া হয়।

এই ক্যাটাগরিতে চূড়ান্ত পর্যায়ের অন্যান্য প্রতিযোগীদের মধ্যে ছিল; কাটালেন্ট ইউএসএ, আপ্টার ফার্মা ইউএসএ, ড. রেড্ডি’স ল্যাবরেটরিস ইন্ডিয়া, মার্ক ইউএসএ, মেডফার্ম ইউকে এবং ক্রিসটেক ফার্মা ইউকের মতো বিশ্বের বিখ্যাত ফার্মাসিটিক্যালস কোম্পানি।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময় দ্রুত রেমডিসিভির সরবরাহ ও অন্যান্য অগ্রগামী কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে আমরা খুবই আনন্দিত ও সন্মানিতবোধ করছি।’

জানা গেছে, গত ২২শে মে, ২০২০ বেক্সিমকো ফার্মা বিশ্বের প্রথম জেনেরিক রেমডিসিভির বাজারজাত করতে সক্ষম হয় এবং তখন থেকেই বেক্সিমকো ফার্মা বাংলাদেশের সরকার মনোনীত কোভিড-১৯ হাসপাতালে বিনামূল্যে এই ওষুধ সরবরাহ করে আসছে। বেক্সিমকো ফার্মা মানবিক ভিত্তিতে বেশ কয়েকটি দেশে রেমডিসিভির সরবরাহ করেছে। উদারতার এই কাজটি বিশ্বজুড়ে ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসার কুড়িয়েছে।

চিকিৎসার বাইরেও, বেক্সিমকো ফার্মা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা কর্মীদের পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের পিপিই সরবরাহ করা, হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য নেগেটিভ প্রেসার ক্যানপি তৈরি, রেমডিসিভিরের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা এবং অন্যান্য রিপারপাজড ওষুধ উৎপাদন এবং টেলিমেডিসিন প্রকল্পগুলোর সঙ্গে চিকিৎসা সম্প্রদায়কে সহায়তা প্রদান। এই সমস্ত পদক্ষেপ জাতীয় বা বৈশ্বিক সঙ্কট মোকাবিলায় বেক্সিমকো ফার্মার গভীর প্রতিশ্রুতি তুলে ধরে, যা কোম্পানির কৌশলগত দায়বদ্ধতার একটি অবিচ্ছেদ্য অংশ।

প্রসঙ্গত, সিপিএইচআই ফার্মা অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী ওষুধ শিল্পে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের খ্যাতনামা ফার্মাসিস্ট ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল কর্তৃক এই পুরস্কার চূড়ান্ত করা হয়। এই বছর প্রথমবারের মতো ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফার্মাসিউটিক্যালস খাতে প্রযুক্তি, আবিস্কার ও কৌশলে অগ্রগামী ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এবারের ১৭তম সিপিএইচআই ফার্মা পুরস্কার ২০২০ এর দায়িত্বে ছিল ইংল্যান্ডের বিখ্যাত ইনফর্মা ফার্মা ইন্টেলিজেন্স।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক