করোনায় সেন্ট জোসেফ অধ্যক্ষের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সবুজ চৌধুরী বরাত দিয়ে জানা যায়, একমাস আগে রবি পিউরিফিকেশনের দেহে করোনায় সংক্রমণ ধারা পরে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত একমাস তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সেখানে প্রায় একমাস চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলে ৫ অক্টোবর তাকে বাসায় নিয়ে আসা হয়। এর মধ্যে গত রোববার হঠাৎ করে তার পেট ব্যথা শুরু হয়।
এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটময় হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
রবি পিউরিফিকেশন মরদেহ গাজীপুরের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। সেখান থেকে আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে আনা হয়। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ তার অনুসারীরা শ্রদ্ধা নিবেদন করেন। রাতে তার মরদেহ লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে নেওয়ার কথা রয়েছে। এরপর বৃহস্পতিবার আবারও গাজীপুরে তাঁর মরদেহ সামাধিস্থ করার কথা রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
রবি পিউরিফিকেশন ১৯৫৯ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।