৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন
‘জয় বাংলা একাত্তর’ প্যানেলের ডা. শাহীদ ও ডা. রাতুল জয়ী
মেডিভয়েস রিপোর্ট: ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন নির্বাচনে ‘জয় বাংলা একাত্তর’ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। এতে ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ সভাপতি ও ডা. মাহফুজ আলম খান রাতুল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অনলাইনে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রায় ৬ হাজার ৫০০ জন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচনের এই ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে ডা. শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. মেজবাহুল মোকাররাবীন, কোষাধ্যক্ষ পদে শেখ মো. তানজিল উল আলম, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মেহেদী হাসান, সম্পাদক মণ্ডলীর সদস্য পদে ডা. এস এম রাশেদুল হাসান নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. রাতুল বলেন, বিশ্বব্যাপী এই করোনা পরিস্থিতির মধ্যেও জনগণের সঠিক চিকিৎসা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। তা আরও বেগবান করতে এবং দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নবনির্বাচিত এই কমিটির প্রতিটি সদস্যে দেশের বৃহৎ এই স্বাস্থ্য ক্যাডারের সকল সহকর্মী ও বন্ধুদের নিয়ে একযোগে কাজ করবে।
তিনি আরো বলেন, করোনার এই ক্রান্তিকালে দেশের প্রথম সারির করোনাযোদ্ধা হিসেবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, আন্তঃক্যাডার বৈষম্যদূরীকরণসহ চিকিৎসকদের সকল অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ে ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন সদা তৎপর ও অগ্রণী ভূমিকা পালন করবে।