তাছলিমা বেগম ‘নিয়ানার’র নতুন পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সেবা তত্ত্বাবধায়ক তাছলিমা বেগমকে ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যাডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চের (নিয়ানার) পরিচালক পদে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আদেশে উল্লেখ করা নার্সিং কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে নিজ বেতনে বদলিপূর্বক পদায়ন করা হলো।
বদলি হওয়া কর্মকর্তা হলেন ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক তাছলিমা বেগম। তাঁকে রাজধানীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যাডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চের (নিয়ানার) পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তা আয়ন ও ব্যয়নের সকল দায়িত্ব পালন করবেন।