করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার (১৩ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মাসের শেষ দিকে বিআরবি হাসপাতালে দুইজন করোনা রোগীকে চিকিৎসা দেন ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এর পর থেকে তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় তাঁর।
এর পর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন ডা. সাজ্জাদ। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে বিআরবিতে যান তিনি। একই দিন সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরো খারাপ হওয়ায় ওই দিন রাতে ডা. সাজ্জাদ হোসেনকে ভেন্টিলেশনে নেয়া হয়।
সেখানে ১৫ দিন চিকিৎসাধীন থেকে আজ রাত রাত নয়টায় মারা যান তিনি। ডা. সাজ্জাদ হোসেনের স্ত্রী করোনা আক্রান্ত হয়ে একই মেডিকেলের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি আছেন।
ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।
তাঁর এক ছেলে ইঞ্জিনিয়ার ও মেয়ে একজন ডেন্টিস্ট। তাঁর গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
এই এনেস্থেশিওলজিস্টের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ভাগ্নে ডা. মুনিজ রেজা বলেন, ‘মামা মারা গেছেন। সবাই প্রাণ খুলে দোয়া করবেন তাঁর জন্য। রোগীকে সেবা দিতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।’
অত্যন্ত অমায়িক, শান্ত, বন্ধু বৎসল ও সকলের প্রিয় এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬