ডা. উম্মে তাহমিনা সীমা

ডা. উম্মে তাহমিনা সীমা

কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল


২৮ নভেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

সর্বোচ্চ কতবার সিজার করা যায়?

সর্বোচ্চ কতবার সিজার করা যায়?
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

আমরা বলে থাকি, দুটি বাচ্চাই যথেষ্ট। অর্থাৎ, আমরা সাধারণত দুটি সন্তান নেওয়ার পরামর্শ দিই। তবে কেউ যদি তৃতীয়বার প্রেগন্যান্ট হয়ে আসেন, আমি তো তাঁকে বলতে পারি না যে, আপনি আর সন্তান নিতে পারবেন না। তৃতীয়বারও সিজার করা যাবে, চতুর্থবারও করা যাবে। তবে যতবার সিজারের সংখ্যা বাড়বে, ঝুঁকিও তত বাড়তে থাকবে।

আরেকটি বিষয় হলো, প্রথম সিজারের পর যখন আমরা দ্বিতীয় সিজার করি, তখন রোগীর ভেতরের পরিস্থিতি কেমন, জরায়ুর অবস্থা কেমন, আগের সেলাইয়ের অবস্থা ভালো আছে কি না—এসব বিষয় মূল্যায়ন করতে পারি।

অনেক সময় দেখা যায়, ভেতরে বিভিন্ন ধরনের জটিলতা বা অ্যাডহিশন  তৈরি হয়েছে। যেমন, খাদ্যনালি বা প্রস্রাবের থলি জরায়ুর সঙ্গে লেগে থাকতে পারে। আবার জরায়ুর আগের সেলাইয়ের জায়গাটি খুব পাতলা হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে পরবর্তী, অর্থাৎ তৃতীয় সিজারটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন আমরা রোগীকে জানিয়ে দিই যে, পরবর্তী সিজারে ঝুঁকি থাকতে পারে। তাই আর সিজার না করানোই ভালো।

আবার অনেক সময় দেখা যায়, কারও প্রথম সন্তান আছে, কিন্তু দ্বিতীয় সন্তানটি বেঁচে নেই। সে ক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবেই আরেকটি সন্তান নিতে চাইবেন। এমনও দেখা যায়, কারও দুটি সিজার হয়েছে, দুটি সন্তানের মধ্যে একটি সন্তান মারা গেছে। তখন তিনি আবার সন্তান নিতে চাইতে পারেন। সে ক্ষেত্রে তাঁর ইচ্ছার বিষয়টিও বিবেচনায় নিতে হয়।

আবার অনেক সময় দেখা যায়, কেউ চতুর্থ বা পঞ্চমবার সিজারের জন্য আসছেন। এর পেছনে বিভিন্ন কারণ থাকে। যেমন, কারও চারটি ছেলে সন্তান রয়েছে, তিনি একটি মেয়ে সন্তান চান। আবার কারও তিন বা চারটি মেয়ে সন্তান রয়েছে, তিনি ছেলে সন্তানের আশায় পরবর্তী সিজার করাতে আসেন।

আরেকটি বিষয় হলো, লাইগেশন। আগে অনেকেই লাইগেশন করাতে চাইতেন, কিন্তু ইদানীং দেখছি, অনেকেই আর লাইগেশন করাতে চাইছেন না। এর পেছনে ধর্মীয় বিশ্বাসও একটি বড় কারণ। বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে কেউ কেউ মনে করেন, লাইগেশন করানো ধর্মীয়ভাবে গুনাহের বিষয় হতে পারে। এ কারণে তাঁরা লাইগেশন করাতে চান না।

ফলে দেখা যায়, কারও তিন বা চারবার সিজার হওয়ার পরও তিনি আবার গর্ভধারণ করছেন। এমনকি আমি পাঁচবার সিজারও করেছি, এমন রোগীও পেয়েছি, যাঁর চারটি সন্তান রয়েছে। তাঁকে যখন জিজ্ঞেস করেছি, এতগুলো সিজারের পরও কেন লাইগেশন করাননি, তখন তিনি জানিয়েছেন, তিনি লাইগেশন করাতে চান না।

এভাবে কেউ যদি আবার গর্ভধারণ করেন, তাহলে পরবর্তী প্রতিটি সিজারের সঙ্গে ঝুঁকিও বাড়তে থাকবে। তাই একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব হলো, রোগীর শারীরিক অবস্থা ও আগের সিজারের পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করা এবং তাঁকে ঝুঁকির বিষয়গুলো বুঝিয়ে বলা। প্রয়োজন হলে তাঁকে পরবর্তী সিজার না করানোর পরামর্শ দেওয়া।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত