১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০১ পিএম

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। একই সঙ্গে পূর্বে বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বরÑ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসন শাখার সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা (জুনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত) এবং নবম গ্রেডের চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন এখন থেকে শুধু অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ন হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতোমধ্যে বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই পূর্বের কর্মস্থল থেকে অবমুক্তি (মুভ আউট) নিয়ে নতুন কর্মস্থলে যোগদান (মুভ ইন) সম্পন্ন করতে হবে।

অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ছুটি বা প্রশিক্ষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর পূর্বের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগদান করতে হবে।

যৌক্তিক কারণ ছাড়া বদলিকৃত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়নপত্রসহ আবেদন করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়ন আদেশ পুনর্বিবেচনার আবেদন নতুন কর্মস্থলে যোগদানের পরই গ্রহণযোগ্য হবে। তবে আদেশে কোনো প্রশাসনিক জটিলতা বা তথ্যগত সমস্যা থাকলে যোগদানের আগে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।

শিক্ষা প্রেষণ ও ছুটি শেষে ওএসডিতে থাকা চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বদলি-পদায়নসহ অন্যান্য প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ছুটি বা অনুমতিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত ছুটির পত্র ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হওয়াকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা-২০১৯-এর লঙ্ঘন ও অসদাচরণ হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

অন্যদিকে, পদায়নের আদেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান না করলে আদেশে উল্লেখিত সময়সীমা শেষ হওয়ার পরদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে পরিচালক (প্রশাসন)-এর ইমেইল ঠিকানায় বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব বদলি ও পদায়ন আদেশের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআর/

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত