দিনের বেলা অতিরিক্ত ঘুম, শরীরের ভেতরে কোনো রোগের লক্ষণ: গবেষণা
মেডিভয়েস রিপোর্ট: দিনের বেলা দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নেওয়া কিংবা টেলিভিশন দেখতে দেখতে চোখ লেগে আসা—এমনটা অনেকেরই হয়। বিশেষ করে বয়স্কদের মধ্যে দিনের বেলা ঘুমানোর প্রবণতা বেশি। এতে সাধারণত চিন্তার কিছু নেই। কিন্তু রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও যদি সকালে নাশতার টেবিলে বসে চোখ খোলা রাখা কঠিন হয়, তাহলে সতর্ক হওয়া দরকার।
নতুন এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের দিনের বেলা অতিরিক্ত ঘুমানোর প্রবণতা শরীরের ভেতরে থাকা কোনো রোগের লক্ষণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহাম ও রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষকেরা এ গবেষণা করেছেন। তাদের গবেষণায় বয়স্কদের দিনের ঘুমের ধরন ও মৃত্যুঝুঁকির মধ্যে সম্পর্ক পাওয়া গেছে বলে হার্ভার্ড গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে।
হার্ভার্ড গেজেটের সূত্রমতে, গবেষণাটির প্রধান লেখক চেনলু গাও ম্যাস জেনারেল ব্রিগহামের অ্যানেসথেসিওলজি বিভাগের গবেষক। তিনি বলেন, বয়স্কদের মধ্যে দিনের বেলা ঘুমানোর প্রবণতা বেশি। বয়স বাড়ার সঙ্গে নানা রোগের ঝুঁকিও বাড়ে। তাই দিনের ঘুমের সঙ্গে মৃত্যুঝুঁকির কোনো সম্পর্ক আছে কি না, তা জানতে গবেষণাটি করা হয়।
হার্ভার্ড গেজেটের তথ্য অনুযায়ী, এ জন্য গবেষকেরা রাশ মেমোরি অ্যান্ড এজিং প্রজেক্টের তথ্য ব্যবহার করেন। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের উত্তর ইলিনয়ে বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পরিবর্তন নিয়ে এ গবেষণা শুরু হয়।
২০০৫ সাল থেকে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের টানা ১০ দিন হাতে বিশেষ যন্ত্র পরিয়ে রাখা হয়। এই যন্ত্রের সাহায্যে তারা কখন ঘুমাচ্ছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন এবং দিনে কতবার ঘুমাচ্ছেন, তা মাপা হয়। প্রতিদিন ঘুমের সময়ের পরিবর্তনও হিসাব করা হয়।
এ গবেষণার বিশেষত্ব হলো, অংশগ্রহণকারীদের মুখের কথার ওপর নির্ভর করেননি গবেষকেরা। বরং বিশেষ যন্ত্রের সাহায্যে তাদের ঘুমের সময় ও ধরন সরাসরি মেপেছেন।
দিনে বেশি ঘুমালে কী হয়
২০২৫ সাল নাগাদ গবেষকেরা এক হাজার ৩৩৮ জন অংশগ্রহণকারীর সর্বোচ্চ ১৯ বছরের তথ্য বিশ্লেষণ করেন। তাদের সবার বয়স ছিল ৫৬ বছরের বেশি। তারা সবাই অবসর জীবন কাটাচ্ছিলেন।
ফলাফলে দেখা যায়, যারা দিনের বেলা বেশি সময় ঘুমান এবং ঘন ঘন ঘুমান, তাদের মৃত্যুঝুঁকিও তুলনামূলক বেশি। প্রতিদিন দিনের ঘুমের সময় এক ঘণ্টা বাড়লে মৃত্যুঝুঁকি প্রায় ১৩ শতাংশ বেশি দেখা গেছে। আর দিনে অতিরিক্ত একবার ঘুমানোর সঙ্গে মৃত্যুঝুঁকি সাত শতাংশ বেশি হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। তবে দিনের বেলা ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে, এমনটা বলেননি গবেষকেরা। তাদের ধারণা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীরের ভেতরে থাকা কোনো রোগের লক্ষণ হতে পারে।
চেনলু গাও বলেন, অনেক সময় দিনের ঘুম শরীরের অবস্থার জানান দেয়। যেমন: ফ্লু হলে শরীর দুর্বল লাগে, ক্লান্তি আসে এবং বারবার ঘুম পায়। তখন জ্বর বা অন্য উপসর্গ দেখে অসুস্থতার কারণ বোঝা যায়। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে কোনো রোগের স্পষ্ট লক্ষণ না থাকলেও অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।
গবেষক রুইশুয়ে কাইয়ের মতে, সামাজিক ও শারীরিক কর্মকাণ্ডের সঙ্গেও দিনের ঘুমের সম্পর্ক থাকতে পারে। যারা মানুষের সঙ্গে কম মেশেন এবং শারীরিকভাবে কম সক্রিয়, তাদের মধ্যে বিষণ্নতা ও উদ্বেগের প্রবণতা বেশি হতে পারে। অবসর জীবনে একাকিত্ব ও একঘেয়েমি থেকেও অনেকে দিনের বেলা ঘুমিয়ে সময় কাটান।
সকালে ঘুম পেলে সতর্ক হবেন
দিনের কোন সময়ে ঘুমানো হচ্ছে, সেটিও গবেষণায় গুরুত্ব পেয়েছে। দেখা গেছে, যারা সকালে ঘুমান, তাদের মৃত্যুঝুঁকি দুপুরের শুরুতে ঘুমানো ব্যক্তিদের তুলনায় ৩০ শতাংশ বেশি।
গবেষকদের মতে, রাতে ভালো ঘুমের পর একজন সুস্থ মানুষের সকালে সতেজ থাকার কথা। কিন্তু সকালে ঘুম ঘুম ভাব কাটতে না চাইলে বা বারবার ঘুমিয়ে পড়লে তা শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে।
তবে মাঝেমধ্যে দিনের বেলা ঘুমিয়ে পড়লে দুশ্চিন্তার কারণ নেই। চেনলু গাওয়ের পরামর্শ, দিনের ঘুম ২০ মিনিটের মধ্যে সীমিত রাখা ভালো। দুপুর ২টা থেকে ৩টার আগেই ঘুম শেষ করা উচিত। এতে রাতের ঘুমে সমস্যা হওয়ার আশঙ্কা কমে।
গবেষকেরা আরও বলেছেন, এই গবেষণায় দিনের ঘুমের সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। তবে দিনের বেলা ঘুমানোর কারণেই মৃত্যুঝুঁকি বাড়ে, এমন প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
তাই দিনের বেলা একটু ঘুমিয়ে নেওয়া স্বাভাবিক। তবে রাতে পর্যাপ্ত ঘুমের পরও যদি নিয়মিত ক্লান্ত লাগে, সকালে ঘুম কাটতে না চায় কিংবা দিনের বেলা বারবার ঘুমিয়ে পড়তে হয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
এমআই/