১৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ এএম
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন

স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা

স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নেই। চিকিৎসাসেবা গ্রহণ থেকে শুরু করে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা, সরকারি নিয়োগ, বদলি ও পদোন্নতি—প্রায় প্রতিটি স্তরেই দুর্নীতি ও অনিয়মের সুযোগ রয়েছে। এর ফলে বাড়ছে রোগীদের চিকিৎসা ব্যয়, ব্যাহত হচ্ছে সেবার মান এবং অপচয় হচ্ছে সরকারি অর্থ। ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ, সরকারি হাসপাতালে ঘুষ, চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত শত কোটি টাকার অনিয়ম এবং নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব—স্বাস্থ্য খাতের দুর্নীতির এমন চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী (ইমেরিটাস) শামসুল এল আরেফিন। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন বাবদ বছরে প্রায় এক হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে। সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে।

ডায়াগনস্টিক পরীক্ষায় কমিশন বাণিজ্য

প্রতিবেদন অনুযায়ী, রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু বড় প্রতিষ্ঠানগুলোর হিসাব বিবেচনায় এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে বলে গবেষকেরা ধারণা করেছেন।

এ ধরনের কমিশন বাণিজ্যের কারণে রোগীদের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। পাশাপাশি প্রয়োজন না থাকলেও অতিরিক্ত পরীক্ষা করানোর ঝুঁকি তৈরি হচ্ছে। এতে চিকিৎসাসেবার স্বচ্ছতা ও চিকিৎসকদের পেশাগত নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

কর্মস্থলে অনুপস্থিত ৪০ শতাংশ চিকিৎসক

স্বাস্থ্য খাতে জনবল ব্যবস্থাপনার দুর্বলতাও প্রতিবেদনে উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী গবেষণায় কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি

সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও অতিরিক্ত মূল্য দেখানোর বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতির চিত্র পাওয়া গেছে। কিছু চিকিৎসা সরঞ্জাম ন্যায্যমূল্যের সর্বোচ্চ ১৮ গুণ দামে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে, ২৮৩ কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে রয়েছে। যথাযথ পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ ও জনবলের অভাবে এসব যন্ত্রপাতি কাজে লাগানো যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, প্রভাব বিস্তার এবং অনিয়মের সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করছে। ই-টেন্ডার চালু হওয়ার পরও দরপত্রের তথ্য ফাঁস করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতেও ঘুষ

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন পর্যায়ে অবৈধ অর্থ দিতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শয্যা বরাদ্দ, অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ এবং ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে এমন একটি ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে অস্ত্রোপচারের তারিখ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ওয়ার্ডবয় এক বয়স্ক রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ওয়ার্ডে কোনো অস্ত্রোপচারই হয়নি।

এ ছাড়া হাসপাতালের দালালচক্রের দৌরাত্ম্য, রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং বিভিন্ন সেবা পেতে বাড়তি অর্থ আদায়ের কারণে চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে।

নিয়োগ-বদলি-পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব

স্বাস্থ্য খাতের মানবসম্পদ ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির ভূমিকা রয়েছে।

এ ধরনের অনিয়মের কারণে যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে ব্যক্তিগত যোগাযোগ এবং প্রভাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ফলে স্বাস্থ্য খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জবাবদিহি দুর্বল হয়ে পড়ছে।

শুধু শাস্তি নয়, প্রয়োজন কাঠামোগত সংস্কার

প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম বা টেন্ডারবাজিতে সীমাবদ্ধ নয়। নীতি প্রণয়নের সময় বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতে নীতিকে প্রভাবিত করাও দুর্নীতির অংশ। তাই শুধু অপরাধী শনাক্ত করে শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুশাসন প্রয়োজন।

নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক বলেন, টিকা কেনার ক্ষেত্রে বছরের পর বছর আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরশীলতা হতাশাজনক। ই-টেন্ডার চালু হলেও দরপত্রের তথ্য ফাঁস করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনের সামগ্রিক পর্যবেক্ষণে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের দুর্নীতি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অসদাচরণের ফল নয়; বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। তাই দুর্নীতি নিয়ন্ত্রণে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং নিয়োগ ও ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিয়মিত তদারকি, কার্যকর জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত