১২ নভেম্বর, ২০২৬ ০৫:১২ পিএম

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এসব দেশের আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। পাশাপাশি ঋণ ত্রাণ, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে সহায়তা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরিপূরক হিসেবে দেখে। তাই শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে।

কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসার, বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এবং পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা ও ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। এ ছাড়া উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজও চলছে।

পাঁচ দফা পদক্ষেপের আহ্বান

বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি, ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ এসব দেশের পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।

এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি পদক্ষেপের আহ্বান জানান তিনি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

সবুজ কর্মসংস্থান সৃষ্টির তাগিদ

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসা প্রয়োজন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক