১১ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিতে স্যান্ডরের সঙ্গে চুক্তি ৬ মাস বাড়াল সরকার

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিতে স্যান্ডরের সঙ্গে চুক্তি ৬ মাস বাড়াল সরকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রামের কিডনি রোগীদের নিরবচ্ছিন্ন ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসাসেবা পর্যায়ক্রমে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনতে নতুন মেশিন সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে মেশিনের উপযুক্ত ক্যাটাগরি নির্ধারণ এবং সেগুলো স্থাপন করে পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, এই মধ্যবর্তী সময়ে ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রগুলোতে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শত শত দরিদ্র রোগীর চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নতুন সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত রোগীরা আগের নিয়মেই স্যান্ডরের কেন্দ্রগুলোতে কম খরচে ডায়ালাইসিস সেবা পাবেন। এ নিয়ে রোগী ও স্বজনদের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি পায়নি প্রতিষ্ঠানটি। স্যান্ডর চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) নাজমুল হাসান বলেন, ছয় মাস মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো চিঠি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর ভারতের স্যান্ডর মেডিকেইডসের সঙ্গে ১০ বছর মেয়াদি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি করে। চুক্তির মেয়াদ চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল।

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) দুটি ডায়ালাইসিস কেন্দ্রের ওপর ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ কিডনি রোগী নির্ভরশীল। চুক্তির মেয়াদ শেষ হলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় সম্প্রতি রোগী ও তাঁদের স্বজনেরা নিরবচ্ছিন্ন সেবা চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন এবং সরকারের কাছে আবেদন জানান।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।