প্রভাবশালী মহলের চাপে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: রাজনৈতিক কিংবা প্রভাবশালী মহলের চাপে মানহীন কোনো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত সরকার কোনো নতুন বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়নি। এ সিদ্ধান্তের কারণে প্রভাবশালী বিভিন্ন মহল থেকে চাপ আসছে। তবে নির্ধারিত শর্ত ও মানদণ্ড পূরণ না করলে কাউকেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং রোগী না দেখেই চিকিৎসক হয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে না। চিকিৎসা শিক্ষার মান নিশ্চিত করতে হলে পর্যাপ্ত হাসপাতাল, রোগী দেখার সুযোগ এবং প্রয়োজনীয় অবকাঠামো থাকতে হবে।
দেশে চিকিৎসা শিক্ষার ভৌগোলিক বৈষম্যের বিষয়টি তুলে ধরে ড. মুহিত বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে অবস্থিত। অথচ বাকি সাতটি বিভাগে এ ক্ষেত্রে ভারসাম্যহীনতা রয়েছে। পরিকল্পিত স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে হবে। সংসদ কিংবা রাজনৈতিক বক্তব্যে নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানালেই তা বাস্তবায়ন করা উচিত নয়।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) মানদণ্ড অনুসরণ করে অ্যাক্রিডিটেশন অর্জন করতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সংকুচিত হতে পারে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি।
বিদেশ থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি নিয়ে আসা শিক্ষার্থীদের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। এ পরিস্থিতিতে সন্তানদের বিদেশে চিকিৎসাশাস্ত্র পড়তে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ও স্বীকৃতি যাচাই করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এমআর/