এইচএসসির ফল ও নীতিমালার জটিলতায় পেছাল মেডিকেল ভর্তি পরীক্ষা
মেডিভয়েস রিপোর্ট: আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়া এবং ভর্তি পরীক্ষার নতুন নীতিমালা অনুমোদন না পাওয়ায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ বুধবার (৪ নভেম্বর) বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
তিনি জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেরিতে প্রকাশিত হওয়ায় ভর্তি পরীক্ষা আয়োজনের আনুষঙ্গিক প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। একই সঙ্গে ভর্তি সংক্রান্ত নতুন নীতিমালা এখনো অনুমোদিত না হওয়ায় নির্ধারিত ৪ ডিসেম্বর তারিখে পরীক্ষা নেওয়া যাচ্ছে না।
ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন বলেন, নতুন নীতিমালা অনুমোদিত হলেই ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কিংবা অন্য কোনো ক্ষেত্রে পরিবর্তন এসেছে কি না, তা স্পষ্ট হওয়া যাবে।
এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন কি না, সে বিষয়েও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নীতিমালা অনুমোদন এবং সার্বিক বিষয় পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষার নতুন তারিখ এবং অন্যান্য সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
এমআর/