ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে বদলির নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: মাদারীপুরের কালকিনি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে না পেয়ে অপেক্ষা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়া ইউএইচএফপিও ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্য খাত শোচনীয় অবস্থায় পৌঁছেছিল। ওই সময়ে জনবল, টিকা ও ওষুধের সংকট ছিল প্রকট।
হাসপাতালের আউটসোর্সিং ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে, সেখানে পর্যায়ক্রমে জনবল বাড়ানো হবে। দুর্নীতি বন্ধ করে সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সরকারি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।
পরে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই/