ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহরিয়া শায়লা জাহানকে ওএসডি করার আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর জারি করা আদেশে ডা. শাহরিয়া শায়লা জাহানকে উপপরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই আদেশের তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম।
গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালকের পদ থেকে ডা. হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। অন্যদিকে তাঁর স্থলাভিষিক্ত করা ডা. শাহরিয়া শায়লা জাহানকে, যার বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সাড়ে ছয় কোটি টাকার ভেটার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর জনআন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁকে গত বছরের ১৬ নভেম্বর ওএসডি করা হয়েছিল।
এসব অভিযোগের তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রশাসনিক পদে ওই কর্মকর্তাকে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দেয়।
সূত্রে জানা গেছে, ডা. শাহরিয়া শায়লা জাহান গত বছরের জানুয়ারিতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) হিসেবে দায়িত্ব পান। সেখানে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।
ওই বছরের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাগবিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে বাধ্য হন। ওই সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে ‘হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই’ বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ওই সময় সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে শাহরিয়া শায়লার বিরুদ্ধে। পরে এ নিয়ে স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন শুরু করেন। একই বছরের ১৪ অক্টোবর মানববন্ধনে স্থানীয়রা বলেন, একটি হাসপাতাল তৈরি হয় সর্বসাধারণের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়।
এ ছাড়াও তত্ত্বাবধায়কের ঠিকমতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা ও উগ্র আচরণসহ নানা অভিযোগ এনে দ্রুত তার অপসারণের দাবি জানান তারা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে মন্ত্রণালয়।
এর আগে ডা. শাহারিয়া শায়লা জাহানের বিরুদ্ধে পদায়ন করা কর্মস্থলে যোগদান না করা, অননুমোদিতভাবে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। যেসব কারণে তাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়।
এমইউ/