বায়ুদূষণে বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকা
মেডিভয়েস রিপোর্ট: বায়ুদূষণের তালিকায় বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ রোববার (সকাল সাড়ে ১০টা) শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একিউআই সূচক অনুযায়ী, বাতাসে দূষণকারী উপাদানের মাত্রা এমন পর্যায়ে রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তালিকায় ২০৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার কুচিং। আর ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৪৪ থেকে ২১০-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-কে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি, সাধারণ মানুষেরও বাইরের কার্যক্রম সীমিত রাখা এবং বায়ুদূষণের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
একিউআই হলো বায়ুর মান পরিমাপ ও পর্যবেক্ষণের একটি সূচক। এর মাধ্যমে বাতাসে দূষণের মাত্রা এবং দূষণের কারণে সৃষ্ট সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচটি প্রধান দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।
এইউ/