২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের খবর গুজব: শিক্ষা বোর্ড
মেডিভয়েস রিপোর্ট: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও সতর্ক করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে কমিটি।
একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত তারিখ ও সময় জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমআর/