২১ অক্টোবর, ২০২৬ ১২:৪৬ পিএম

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন ও দর্শনার্থীদের অবাধ প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকরা নিয়মিত ‘মব’-এর শিকার হচ্ছেন।

সংগঠনটির নেতারা জানান, ইতোমধ্যে একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে এক নারী ইন্টার্ন চিকিৎসক সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হয়েছেন।

তাঁরা আরও জানান, অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

এ অবস্থায় পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এইউ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত