ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের
মেডিভয়েস রিপোর্ট: জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গবেষণার পাশাপাশি সাশ্রয়ী ও নতুন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, নতুন ও আধুনিক ওষুধ উদ্ভাবনের মূল লক্ষ্যই হওয়া উচিত তা যেন ধনী-গরিব নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের নাগালের মধ্যে থাকে।
শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলনের (আইসিপিএস-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে 'ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর গ্লোবাল হেলথ অ্যাডভান্সমেন্ট' প্রতিপাদ্য নিয়ে এই বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়।
ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ওষুধ আবিষ্কার, ন্যানোমেডিসিন এবং লক্ষ্যভিত্তিক বা টার্গেটেড চিকিৎসাপদ্ধতি চিকিৎসা ও ওষুধবিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করছে। বিশেষ করে ক্যানসার ও অন্যান্য জটিল এবং দুরারোগ্য রোগের চিকিৎসায় এসব আধুনিক প্রযুক্তি বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে। তবে গবেষণার এই উচ্চপ্রযুক্তির সুফল সাধারণ মানবের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে মানবিক দায়বদ্ধতার দারুণ সমন্বয় প্রয়োজন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষক, গবেষক, ফার্মাসিস্ট ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, ইউনিভার্সিটি অব মালায়ার প্রতিনিধি ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা বক্তব্য রাখেন। প্রো-ভিসি অধ্যাপক নাসের ইউ আহমেদ অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
জেএইচ/