০৯ অক্টোবর, ২০২৬ ০৯:৪৯ এএম

প্রথম পেশাগত পরীক্ষা পেছানোর দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থীদের, ডিনের সঙ্গে সাক্ষাৎ

প্রথম পেশাগত পরীক্ষা পেছানোর দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল শিক্ষার্থীদের, ডিনের সঙ্গে সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম পেশাগত পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার সময়সূচি নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, একাডেমিক সিস্টেম লস, হলের আবাসন সংকট এবং এসব কারণে বিভিন্ন সময়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পক্ষে কাঙিক্ষত পর্যায়ের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা কমপক্ষে দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তারা।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে শিক্ষার্থীদের কাছে অপরাগতা প্রকাশ করেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ। জানান, বর্তমান পরীক্ষার সময়সূচি তিনি এককভাবে নির্ধারিত করেননি। সকল ফ্যাকাল্টি মেম্বারের সর্বসম্মতিক্রমে এটি চূড়ান্ত হয়েছে। তাই সময়সূচি পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষের লিখিত সম্মতি প্রয়োজন।

জানতে চাইলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এসএইচ-২০ ব্যাচের শিক্ষার্থী মো. আরাফাত ইয়াসিন মেডিভয়েসকে বলেন, সাক্ষাতে ডিনকে বিভিন্ন কারণে তাঁদের শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য একাডেমিক ক্ষতি সম্পর্কে জানান তারা। যে কারণে পরীক্ষার প্রস্তুতিতে তাদের ঘাটতি রয়েছে। এ কারণে পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবি জানান তাঁরা।

দাবি ও সমস্যার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডিন তাঁদের জানিয়েছেন, এককভাবে পরীক্ষা পেছানোর এখতিয়ার তাঁর নেই। তিনি মূলত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার কাজ করেন।

ডিনের মতে, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি ও প্রস্তুতির ঘাটতি সম্পর্কে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষরা সবচেয়ে ভালো জানেন। কারণ শিক্ষার্থীদের একাডেমিক বিষয়গুলো দেখভালের দায়িত্ব তাঁদেরই।

আলোচনায় শিক্ষার্থীদের ডা. নাদিম আহমেদ জানিয়েছেন, অধ্যক্ষদের সভায় ১ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়ার বিষয়ে তারাই সিদ্ধান্ত জানিয়েছেন। তাই পরীক্ষা পেছাতে হলে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে লিখিত সুপারিশ নিয়ে আসতে হবে। সুপারিশপত্রে একাডেমিক ক্ষতি ও প্রস্তুতির ঘাটতির বিষয়টি উল্লেখ করে পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরতে হবে।

দাবি পূরণের আশ্বাস দিয়ে ডিন তাঁদের বলেন, সব মেডিকেল কলেজের অধ্যক্ষ লিখিতভাবে সুপারিশ জানালে তিনি দ্রুততম সময়ে পরীক্ষার সময়সূচি পেছানোর উদ্যোগ নেবেন। ১৫ দিন নয়, বরং প্রয়োজনে এক মাসও পরীক্ষা পেছানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

প্রসঙ্গত, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের চার পেশাগত পরীক্ষার রুটিন গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। 

সূচি অনুযায়ী, প্রথম ও চূড়ান্ত পেশাগত পরীক্ষা আগামী ১ নভেম্বর এবং দ্বিতীয় পেশাগত পরীক্ষা ২ নভেম্বর এবং তৃতীয় পেশাগত পরীক্ষা ৫ নভেম্বর শুরু হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত