রামেবির ভিসির কক্ষের তালা খুলে দিয়েছে প্রশাসন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের অবরুদ্ধ কক্ষের তালা খুলে দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে কক্ষের তালা খুলে দেওয়া হয়।
পরে মামলার তদন্তের অংশ হিসেবে সেখানে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে ভিসি অধ্যাপক জাওয়াদুল হককে তার উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন শিবলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন প্রমুখ।
যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা এবং মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় উপাচার্যকে তার বাসা থেকে সসম্মানে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘বিএনপি ও এর অঙ্গসংগঠন কোনো ধরনের দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনায় দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহমদ আরিফ হোসেন বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের রুমে বহিরাগত কেউ তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তালাটি ভাঙার ক্ষেত্রে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি না হয় সেক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি।
এ ঘটনায় রাজশাহী উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ একজন রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিসির কক্ষের তলা খোলা হয়। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় মামলা দায়ের করেন রামেবির উপাচার্যের পিএস নাজমুল হোসাইন। এই মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
জেএইচ/