পেশাগত অবহেলার জবাবদিহির পাশাপাশি ভুয়া চিকিৎসকদের শাস্তির দাবি ডা. ডোনারের
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের পেশাগত ভুল বা অবহেলার জন্য যেমন জবাবদিহি থাকা জরুরি, তেমনি চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়া অযোগ্য ব্যক্তিদের আইনের আওতায় আনা আবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে আয়োজিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, চিকিৎসকদের পেশাগত ভুলত্রুটি বা কর্তব্যে অবহেলার জবাবদিহি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি সমাজে যারা চিকিৎসক না হয়েও চিকিৎসার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের কঠোর আইনি ব্যবস্থার মধ্যে আনতে হবে। অনেকে অল্প সময়ের কিছু প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা দিচ্ছেন। সাধারণ মানুষ বুঝতে না পেরে ভুল চিকিৎসার শিকার হচ্ছেন এবং জীবনের ঝুঁকি বাড়ছে।
চিকিৎসকদের পেশাগত মান ও অনিয়মের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা আরও জোরদার করার তাগিদ দিয়ে তিনি বলেন, অনিয়মের সুনির্দিষ্ট বিচার নিশ্চিতে প্রয়োজনীয় আইন সংস্কার করা দরকার।
দেশে চিকিৎসকদের অতিরিক্ত কর্মচাপ ও রোগী দেখার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, কার্যকর রেফারেল সিস্টেম না থাকায় চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। অনেক চিকিৎসককে দিনে একশো রোগী দেখতে হয়, যা রোগীর সঙ্গে প্রয়োজনীয় সময় কাটানো ও যথাযথ কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বড় বাধা। এ ছাড়া জটিল রোগীদের ক্ষেত্রে স্বজনদের বিস্তারিত বোঝানোর জন্য হাসপাতালে পেশাদার কাউন্সেলর রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করে স্বাস্থ্যখাতে পরিবর্তন আসবে না; মানুষের বিবেক ও দায়বদ্ধতার জায়গা জাগ্রত না হলে কোনো আইনই পুরোপুরি কার্যকর হয় না।
করোনাকালে চিকিৎসকদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি চিকিৎসকদের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং চিকিৎসকদেরও নিজেদের পেশাগত দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপিসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
জেএইচ/