রামেক হাসপাতালে এসআরবির অভিযান, ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে সক্রিয় দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে এসআরবি-৫। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রামেক হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি চালান এসআরবি-৫-এর সদস্যরা। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রভাবিত করে প্রলোভন দেখানো, চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার কথা বলে অন্যত্র নেওয়ার চেষ্টা এবং বিভিন্ন দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাতজনকে শনাক্ত করে আটক করা হয়।
আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। আদালত পরিচালনার সময় তিনি বলেন, হাসপাতালে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে। সাধারণ মানুষের দুর্ভোগ এবং স্বাস্থ্যসেবায় বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে অপরাধের ধরন বিবেচনায় আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, রামেক হাসপাতালের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় রয়েছে। চক্রের সদস্যরা দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগী ও তাদের স্বজনদের টার্গেট করতেন। দ্রুত চিকিৎসাসেবা পাইয়ে দেওয়া, কম খরচে পরীক্ষা-নিরীক্ষা করানো কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের প্রলুব্ধ করা হতো। পরে কৌশলে রোগী ও স্বজনদের সরকারি হাসপাতাল থেকে সরিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকালে এসআরবি-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/