ডেঙ্গু প্রতিরোধে সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদলের র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং ক্যাম্পাসে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেওয়ার পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থান পরিষ্কার করা এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক রনভীর খান ও সদস্য সচিব মাহাথির মুহাম্মাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসিবুর রহমান, রনক দাস, অনিন্দম সাহা, হৃদয় চন্দ্র পাল, রেজওয়ান অপু, সাকিব, রনি, বদরুল ইসলাম লাব্বায়েক, সাব্বির খান, জয়, নাজমুল হোসেন, নাফিস মাহমুদ, ফয়সাল ও আহসানউল্লাহ খালিদসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।
এমইউ/