সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহে ৭১ জন, রাজশাহীতে ৭৬ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা যোগ হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৮ দশমিক এক শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর মশাবাহিত এ রোগে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন।
এনএইচ/