২৩ অগাস্ট, ২০২৬ ০৩:১৮ পিএম

নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ চিকিৎসকের পদে কর্মরত ৬, নেই কোন বিশেষজ্ঞ

নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ চিকিৎসকের পদে কর্মরত ৬, নেই কোন বিশেষজ্ঞ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে। ৫০ শয্যার এ হাসপাতালে ১৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। ফলে চিকিৎসাসেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নিকলীসহ আশপাশের হাওর এলাকার মানুষদের।

চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সটিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরও পর্যাপ্ত সংকট রয়েছে। স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বড় একটি অংশ চিকিৎসার জন্য এ হাসপাতালের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও সীমাবদ্ধতার মধ্যে পড়তে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রোগী ভর্তি থাকে। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়। হাওর এলাকার দরিদ্র মানুষের অনেকের পক্ষেই দূরের জেলা শহর বা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। ফলে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই তাদের অন্যতম প্রধান ভরসা।

এসব বিষয়ে জানতে চাইলে নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ মেডিভয়েকে বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট অনেক জায়গাতেই রয়েছে। তবে নিকলীর পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি। ১৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র ৬ জন চিকিৎসক কর্মরত রয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, তিনটা কনসালট্যান্টের একজনও নাই।'

তিনি আরও বলেন, ‘এটা তো হাওর এলাকা। আমরা চেষ্টা করছি, যতটুকু সীমিত জনবল আছে, সেটা দিয়েই যেন সার্ভিসটা বজায় রাখা যায়। আমাদের পর্যাপ্ত সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট আছে। একই সঙ্গে চিকিৎসক সংকট তো আছেই।’

ডা. সজীব ঘোষ আরও বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা চিকিৎসকের পদগুলো পূরণ করা গেলে হাওর এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে।

এনএইচ/এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক