ময়মনসিংহের সিভিল সার্জন হলেন ডা. ফখরুল হাসান
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘উপর্যুক্ত কর্মকর্তা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাঁর পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।’
এ প্রসঙ্গে আলাপকালে ডা. ফখরুল হাসান মেডিভয়েসকে বলেন, সবার সহযোগিতা নিয়ে নতুন দায়িত্ব পালন এবং সরকারের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
বিসিএস ২৭তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়ন করেছেন। তিনি ২৭ মার্চ ২০২৪ তারিখে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন হিসেবে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জে।
এইউ/