১৩ অগাস্ট, ২০২৬ ০৪:০২ পিএম

দুর্গম পাহাড়ি এলাকায় নারীদের মাতৃ ও শিশুসেবা বিষয়ে প্রশিক্ষণ

দুর্গম পাহাড়ি এলাকায় নারীদের মাতৃ ও শিশুসেবা বিষয়ে প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমাতে স্থানীয় নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গর্ভকালীন পরিচর্যা, নবজাতকের যত্ন এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পাঁচ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা ২৩ জন নারী এতে অংশ নেন।

প্রশিক্ষণে তাঁদের মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন যত্ন, প্রসবের আগে ও পরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, নবজাতকের পরিচর্যা, শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের পাশাপাশি জরুরি সময়ে করণীয় এবং স্বাস্থ্যঝুঁকির লক্ষণগুলো চিহ্নিত করার বিষয়েও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসা পাওয়া অনেক সময় কঠিন হওয়ায় স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে সচেতন ও দক্ষ নারী তৈরি করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, পাহাড়ের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গেলে অনেক স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীরা নিজ নিজ এলাকায় ফিরে যান। স্থানীয় পর্যায়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা পরিবার ও আশপাশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে চিকিৎসাসেবা পৌঁছানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও প্রাথমিক চিকিৎসার দক্ষতায় সম্পৃক্ত করা গেলে প্রত্যন্ত এলাকার মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষা আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক