ভুয়া চিকিৎসক-মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেডিহোপ হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা, পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের জাল স্বাক্ষর, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর ডেমরায় মেডিহোপ জেনারেল হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ, ভুয়া চিকিৎসক ও ফার্মেসিকে আলাদাভাবে এই জরিমানা করা হয়। পরে লাইসেন্স না পাওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত কোনাপাড়া এলাকার সাদ সুপার মার্কেটে মেডিহোপ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ঢাকা উইং এনএসআই পূর্ব জোন, র্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়টি উঠে আসে।
অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় সনদ না থাকা সত্ত্বেও একজন ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন।
এ ছাড়া হাসপাতালের পরীক্ষাগারে তৈরি করা বিভিন্ন প্রতিবেদনে চিকিৎসকের স্বাক্ষর জাল করে ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়। হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল বলে অভিযানে জানা যায়।
অভিযান চলাকালে হাসপাতালের ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
পরে এসব অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা, ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা এবং ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) ডা. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় এনএসআই, র্যাব, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমইউ/এমআর