জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর মেডিকেল জোন শিবিরের ফুটবল টুর্নামেন্ট
মেডিভয়েস রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই আপরাইজিং মেমোরিয়াল কাপ ২৬’ শীর্ষক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মেডিকেল জোন শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গাজীপুরে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজকে হারিয়ে জয়লাভ করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. হায়দার আলী। এ সময় মহানগর ও গাজীপুর মেডিকেল জোন ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হায়দার আলী বলেন, শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে শারীরিক পরিশ্রমের গুরুত্ব অপরিসীম। এ পরিশ্রমের উদ্দেশ্য যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়—সেটিই প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত।
মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা অত্যন্ত চাপপূর্ণ। তাই সময়ের সর্বোত্তম ব্যবহার করে পড়াশোনা, খেলাধুলা ও ব্যক্তিগত উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। সময় একটি অমূল্য সম্পদ, তাই এর অপচয়ের কোনো সুযোগ নেই।
এমআর/