যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহা। তিনি রাজধানীর জেড. এইচ. সিকদার ওমেনস মেডিকেল কলেজের (জেড-২৩ ব্যাচ) প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, এমবিবিএস সম্পন্ন করার পর তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মাত্র পাঁচ মাস আগেই অদিতি কৃতিত্বের সাথে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ইউএসএমএলই’ সম্পন্ন করে সফলভাবে ‘রেসিডেন্সি ম্যাচ’ পান। যুক্তরাষ্ট্রে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে কাজ শুরু করার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু শিকাগোতে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিভে যায় তার সম্ভাবনাময় জীবন।
নিহত অদিতি সাহা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাবুল সাহার মেয়ে।
ডা. অদিতির মৃ্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠী ও চিকিৎসক সমাজ। শোক বার্তায় সহপাঠীরা জানান, ‘আমরা এক উজ্জ্বল নক্ষত্র ও চমৎকার মনের মানুষকে হারালাম। তাঁর মেধা, কাজের প্রতি নিষ্ঠা ও অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’
স্বপ্নের ক্যারিয়ার শুরুর আগেই তাঁর এমন আকস্মিক প্রয়াণে শিক্ষক, সহপাঠী ও চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমআর/