‘শুধু ঘুষ গ্রহণ না করাই নয়, সময়ানুবর্তিতা-দায়বদ্ধতা-জবাবদিহিতাই সততার মূল ভিত্তি’
মেডিভয়েস রিপোর্ট: শুধু বেআইনি অর্থ গ্রহণ না করাই সততার শেষ কথা নয়; বরং সততার মূল ভিত্তি সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর ফারস হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। শুধু বেআইনি অর্থ গ্রহণ না করাই সততার শেষ কথা নয়; বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে।
সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।
ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।
নরসিংদী জেলায় ট্রমা সেন্টার চালুর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উসিলায় দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেনসহ প্রমুখ।
এমআর/