১৮ জুলাই, ২০২৬ ০২:৫০ পিএম

ফাইনাল প্রফ পরীক্ষা দিয়েই না ফেরার দেশে মেডিকেল শিক্ষার্থী সুরাইয়া

ফাইনাল প্রফ পরীক্ষা দিয়েই না ফেরার দেশে মেডিকেল শিক্ষার্থী সুরাইয়া
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অদম্য ইচ্ছাশক্তি আর সীমাহীন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক মেডিকেল শিক্ষাথীর জীবনাবসান ঘটেছে। শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের ২০২০-২১ সেশনের সুরাইয়া নাজরিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালবেলা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্যাম্পাস ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর মাত্র একদিন আগে গত বুধবার (১৫ জুলাই) জীবনের শেষ ফাইনাল প্রফেশনাল (প্রফ) পরীক্ষায় অংশ নিয়েছিলেন সুরাইয়া। দীর্ঘ প্রফ পরীক্ষার ধকল কাটিয়ে ফলাফলের আলো দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই মেধাবী শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, সুরাইয়া দীর্ঘ দিন ধরে থ্যালাসেমিয়ার মারাত্মক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন। প্রতি মাসেই তাকে নিয়মিত ব্লাড ট্রান্সিফিউশন (রক্তক্ষরণ ও রক্তবদল) নিতে হতো। এত শারীরিক কষ্ট, হাজারো শারীরিক জটিলতা আর মেডিকেল জীবনের প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও তিনি কখনো হার মানেননি। প্রথম বর্ষ থেকেই নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে নিয়মিত ক্লাস করেছেন এবং সব প্রফেশনাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

সুরাইয়ার এক সহপাঠী জানান, ‘তিনি ফাইনাল প্রফ পরীক্ষাটাও খুব ভালো দিয়েছিলেন। হয়তো আর মাত্র দুই মাস পরেই রেজাল্ট আসতো, আর নামের পাশে জ্বলজ্বল করতো 'ডা. সুরাইয়া নাজরিন'। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, নিজের নামের পাশে ডাক্তার শব্দটি দেখে যাওয়ার জন্য তিনি আজ আমাদের মাঝে নেই।’

সুরাইয়া নাজরিনের এই অকাল ও বেদনাদায়ক মৃত্যুতে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত