১৮ জুলাই, ২০২৬ ০২:০০ পিএম

দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির অনশন, হাসপাতালে সোনম ওয়াংচুক

দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ককরোচ জনতা পার্টির অনশন, হাসপাতালে সোনম ওয়াংচুক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তর চত্বরে অনশনরত শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াংচুককে বলপ্রয়োগ করে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ।

আজ শনিবার সকালে (১৮ জুলাই) তুলে নেওয়ার পর তাঁকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

অনশনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার দিল্লি পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

গত মে মাসে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকিতে ফেলে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সিজেপি।

৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে ভারতের আলোচিত যুব সংগঠন 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে এই অনশন শুরু করেন।

ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত লাদাখের বাসিন্দা এই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী গতকাল শুক্রবারই বলেছিলেন, বাইরে দুর্বল লাগলেও ভেতরে ভেতরে তিনি শক্ত আছেন।

সোনম আরও বলেন, আগামী সোমবার (২০ জুলাই) পর্যন্ত অবশ্যই বেঁচে থাকবেন এবং সংসদ অভিযানে শামিল হবেন। এর আগেই দিল্লি পুলিশ যন্তর মন্তরের ধরনাস্থল থেকে তাঁকে জবরদস্তি তুলে নিয়ে যায়।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আগামী ২০ জুলাই ভারতের লোকসভা (কেন্দ্রীয় সংসদ) অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে সিজেপি। ওই দিন থেকেই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

সোনমকে গ্রেফতার করার কিছুক্ষন পরেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষে ‘এক্স’ হ্যান্ডলে জানানো হয়, এই গ্রেফতারির প্রতিবাদে সিজেপি নেতা অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। আগামী ২০ জুলাই পূর্ব ঘোষণামতো ‘চলো সংসদ’ অভিযান যে কোনো মূল্যে পালিত হবে।

এই ঘোষণার পাশাপাশি অভিজিৎ দিপকে এক ভিডিও বার্তায় বলেন, সোনম স্যারকে জবরদস্তি তুলে নেওয়ার প্রতিবাদে দেশের সর্বত্র ছাত্রসমাজ যেন বিক্ষোভে শামিল হন।

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসইর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে ভারতের  ছাত্র ও যুব সমাজ ২৮ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করছিল। তাঁদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবিকে সমর্থন জানিয়েই সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন।

ভারতের বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সামাজিক সংগঠন ও বিনোদনজগতের শিল্পীরা ছাত্রদের আন্দোলন ও ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়েছেন। আগামী সোমবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিজেপি সংসদ অভিযানের জোর প্রস্তুতি নিচ্ছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদীয় অধিবেশনের প্রাক্কালে সিজেপির কর্মসূচি সরকারকে প্রচণ্ড চাপে ফেলে দিয়েছে। সরকার তাই প্রশাসন ও কোর্টকে ব্যবহার করে সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করাল।

এর প্রাথমিক লক্ষ্য, ছাত্রদের সংসদ অভিযান বন্ধ করা। যদিও সিজেপি বলছে তারা আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

গত বছর লাদাখে এক সহিংস আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওয়াংচুককে অভিযুক্ত করেছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। প্রায় ছয় মাস কারাভোগের পর চলতি বছরের মার্চ মাসে তিনি মুক্তি পান।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও