০২ জুলাই, ২০২৬ ০৩:৫৬ পিএম

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ,  প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, গত দুই মাস ধরে জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা, জেলা ও থানা পর্যায়ের হাসপাতালগুলোতে এনএসওয়ান পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোও রোগীর চাপ সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মানুষকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

এডিস মশার লার্ভা ধ্বংসে নতুন প্রযুক্তি ব্যবহারের কথাও জানান তিনি। আগামী সাত দিনের মধ্যে বিশেষ ধরনের একটি মেডিকেল ট্যাবলেট সংগ্রহ করা হবে, যা জমে থাকা পানিতে ব্যবহার করলে লার্ভা দ্রুত ধ্বংস হবে।

ডেঙ্গু রোগীর চিকিৎসা বিষয়ে তিনি বলেন, প্লাজমা লিকেজের কারণে জটিলতা তৈরি হতে পারে। তাই বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দৈনিক চিকিৎসা নির্দেশিকা তৈরি করে চিকিৎসকদের কাছে পাঠানো হচ্ছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, জ্বর কমে গেলেও রোগী পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যাবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল হবে এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালকে আধুনিক ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য, হাসপাতালটি সরকারি মালিকানায় থাকলেও করপোরেট ব্যবস্থাপনায় পরিচালিত হবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক