আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আদ্-দ্বীনের নিবন্ধন বাতিলের পর উদ্ভূত জটিলতা নিরসনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা।
আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। তারা মূলত ভারত ও মালদ্বীপের শিক্ষার্থী, যারা বর্তমানে আদ্-দ্বীন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছিলেন।
প্রতিনিধি দল জানায়, তাদের নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী অনুমোদিত হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক। হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন, যা তাদের চিকিৎসক হিসেবে নিবন্ধন ও ভবিষ্যৎ কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে।
জানা গেছে, ওই প্রতিষ্ঠানে ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন। মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জনের বেশি।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস কার্যালয়ে অনুপস্থিত থাকায় প্রতিনিধি দল সহকারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিস্থিতি তুলে ধরেন।
প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শিশু মৃত্যুতে অবহেলা প্রমাণিত হয়।
এতে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়।
এনএইচ/এমআই