আদ্-দ্বীন হাসপাতালের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র, দ্রুত চালুর আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। একই সঙ্গে রোগীবান্ধব এ হাসপাতালের কার্যক্রম অতিদ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার (২১ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিঠিতে এ সংহতি প্রকাশ করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এ হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবৎ স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে।
এতে আরও বলা হয়, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে সরকার আদ্-দ্বীনের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র।
চিঠিতে আরও বলা হয়, ‘দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতালের কঠিন সময়ে আমরা পাশে আছি। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।’
হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানিয়ে বলা হয়, সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক।
এমআর/