রাজশাহীতে চোর ‘সন্দেহে’ মেডিকেল চত্বরে যুবককে হত্যা, তিন নার্সিং ছাত্র গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মহানগরীতে বহিরাগত এক যুবককে রাজশাহী নার্সিং কলেজ চত্বরে চোর ‘সন্দেহে’ হত্যার দায়ে ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রামেকের চারু মামার ক্যান্টিনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাতক্ষীরা জেলার তালা থানার তালা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. সোয়েব আক্তার শিমু (২৫), নড়াইল জেলার নড়াইল সদর থানার ভাওখালী গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে মো. ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহী জেলার মোহনপুর থানার চাঁদপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. আতিকুর রহমান (২৫)। তারা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারে (১৮ জুন) আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে একজন অজ্ঞাত নামা যুবককে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেলের জুরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এতে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানাকে জানালে পিবিআই’র মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়।
এতে নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আজ সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রাকিবুল হাসান রকি চুরির উদ্দেশ্যে রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হোস্টেলে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরবর্তীতে তাকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়।
মারধরের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ ও নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা হাসপাতাল ত্যাগ করে বলে তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
এমআই/