সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, সম্মতি জ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়কে চিঠি
মেডিভয়েস রিপোর্ট: দেশজুড়ে এডিস মশার উচ্চ ঘনত্বের কারণে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষায় অর্থ মন্ত্রণালয়কে সম্মতি জ্ঞাপনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ‘অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগ হতে সরকারি হাসপাতালে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসওয়ান পরীক্ষা ফ্রি করার জন্য আদেশ জারি করা হয়।’
এতে বলা হয়, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশে ডেঙ্গু রোগে অনেক রোগী মৃত্যুবরণ করেছে এবং দেশজুড়ে এডিস মশার উচ্চ ঘনত্বের কারণে পরিস্থিতি এ বছরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, জনস্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষা ফ্রি করা প্রয়োজন।’
চিঠিতে আরও বলা হয়, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশনকৃত রোগীদের ডেঙ্গুর পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যেকরণে সম্মতি জ্ঞাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এমআর/এমআই